ডেস্ক রিপোর্ট : ১৪ ডিসেম্বর রবিবার ধোবাউড়ায় ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর ধোবাউড়া উপজেলা এলাকা পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০ থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। পল্লীবিদ্যুৎ গ্রাহকদের মধ্য থেকে ২০৭৮ জন ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হয়। এর মধ্যে মোট ১২৫৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ধোবাউড়া এলাকা পরিচালক পদে তিনজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করে। প্রার্থীরা হলেন মো: ছায়েদুল ইসলাম খান(ছাতা), দিলীপ কুমার বিশ্বাস(বাল্ব)এবং বিজয় বিশ্বাস(চেয়ার)। তবে ভোটারদের প্রদত্ত ১০টি ভোট বাতিল বলে গণ্য হয়। নির্বাচনে ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর জিএম মো: রেজাউল করিম সহ আরো উপস্থিত ছিলেন এজিএম মাহমুদা খাতুন, নির্বাহী প্রকৌশলী মো: জয়নাল আবেদীন, নির্বাহী প্রকৌশলী(নির্বাচন কমিশন), নির্বাহী প্রকৌশলী হিন্দল দাশ, সহ: প্রকৌশলী অরূপ কুমার বিশ্বাস, সহ: প্রকৌশলী মো: খলিলুর রহমান, রিটেইনার প্রকৌশলী আবুল কালাম আজাদ, ধোবাউড়া উপজেলা প্রকৌশলী( পল্লবিদ্যুৎ) মো: রফিকুল ইসলাম প্রমুখ। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম,এ হক নির্বাচন চলাকালীন সময়ে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ অফিসার ও পুলিশ সদ্যদের সক্রিয় রাখেন। নির্বাচনে রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাহী প্রকৌশলী মো: আনিসুজ্জামান। ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর জিএম মো: রেজাউল করিম এবং ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: আনিসুজ্জামান খান প্রত্যক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করেন।
প্রায় ১মাস ধরে উপজেলার সাতটি ইউনিয়নের ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে প্রার্থীরা তাদের পক্ষে বিজয়ের চেষ্টা অব্যহত রাখেন। নির্বাচনে ভোট গণনা শেষে ছাতা প্রতীকে ১৬৯ ভোট পেয়ে ৩য় স্থানে, দিলীপ কুমার বিশ্বাস বাল্ব প্রতীকে ৩৫৬ ভোট পেয়ে ২য় স্থানে এবং বিজয় বিশ্বাস ৭২২ ভোট পেয়ে কাঙ্খিত বিজয় অর্জন করেন। ফলাফল ঘোষনার পর পরাজিত প্রার্থীরা ফলাফল শিটে স্বাক্ষরের মাধ্যমে বিজয়ী প্রার্থী বিজয় বিশ্বাস(মাস্টার) কে অভিনন্দন জ্ঞান করেন।
বিজয় বিশ্বাসের বিজয় ঘোষনার সাথে সাথে ধোবাউড়া উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আনন্দ উল্লাসে ফেটে পড়েন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল মান্নান আকন্দ বলেন, এ বিজয়ের মাধ্যমে জনগন ধোবাউড়া উপজেলায় আওয়ামীলীগের বর্তমান অবস্থান আবারো সুস্পষ্ট করলো। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: শওকত উসমান বলেন, নির্বাচনে দুইজন আওয়ামী পন্থী এবং একজন মাত্র বিএনপিপন্থী প্রার্থী ছিল। এই নির্বাচনের ফলাফলে বর্তমান সরকারের বিরুদ্ধে যে কোন আন্দোলনে ধোবাউড়া উপজেলা বিএনপির কোনঠাসা অবস্থান প্রমাণিত হলো।
উল্লেখ্য চলতি বছরের শুরুর দিকে এই নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভূয়া ভোটার কার্ড তৈরি এবং ভোটারদের মাঝে জনৈক প্রার্থীর অর্থ লেনদেনের প্রমান মেলায় তা বানচাল হয়ে যায়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন